ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ৩১তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যের উন্নয়নের জন্য শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। এধরণের উৎসব আমাদের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে। জনজাতিদের কল্যাণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন হজাগিরি উৎসবের মাধ্যমে জাতি জনজাতি অংশের মানুষের ঐক্য ও সংহতির বার্তা রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বলেন, শিক্ষার অগ্রগতির মাধ্যমেই সমাজের সার্বিক কল্যাণ সম্ভব। রাজ্যবাসীর উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কথা তিনি তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ রেবতী মোহন ত্রিপুরা রাজ্যের বিশেষ করে জনজাতি অংশের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কথা তুলে ধরেন।
হজাগিরি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী মন্ডপ খোলা হয়। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীগণ ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্য, জুম নৃত্য, রিয়াং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসংগীত এবং লোকনৃত্য পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিধায়ক নন্দিতা দেববর্মা বিয়াৎ, ভঙ্গুরনগর বিএসি’র চেয়ারম্যান প্রেমসাধন ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লু সোসিওকালচারেল অর্গানাইজেশনের চেয়ারম্যান শান্তিরায় রিয়াং।
