জনজীবনে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সিপাহীজলা জেলার জেলাশাসক এক আদেশে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৯৭৩-এর ১৪৪ ধারায় সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ আজ থেকে কার্যকর হয়েছে এবং তা ১২ মার্চ, ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে প্রতিদিন রাত আটটা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর হবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সিআরপিসির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
