উদয়পুর জগন্নাথ দীঘিকে কেন্দ্র করে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইকোপার্ক নির্মাণ নিয়ে আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইকোপার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ এবং জলসম্পদ দপ্তরকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য পর্যটনমন্ত্রী নির্দেশ দেন। এছাড়া পূর্ত দপ্তর (আরঅ্যান্ডবি) ও বিদ্যুৎ দপ্তরকে সহসাই সাউন্ড এবং লাইটিংয়ের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। তাছাড়া সভায় পর্যটনমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পর্যটন দপ্তর থেকে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
