মহিলারা সচেতন ও স্বাবলম্বী হলে পরিবারের এবং রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে। মহিলাদের আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। মহিলাদের স্বশক্তিকরণে ও স্বাবলম্বী করে তোলার জন্য সরকার বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়েছে। অমরপুরে গতকাল নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প (আইসিডিএস) কার্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় একথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নাবালিকা বিবাহ রোধ করতে নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচার অভিযানে গুরুত্ব দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দুইজনকে ট্রাই সাইকেল, একজনকে ওয়াকিং স্টিক, দুইজনকে শ্রবণ যন্ত্র বিনামূল্যে দেওয়া হয়। অতিথিগণ তাদের হাতে এগুলি তুলে দেন। পরে অমরপুর কৃষি মহকুমা কার্যালয়ে অন্য একটি অনুষ্ঠানে ২৭০ জন কৃষককে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে দেওয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায় কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতিগুলি তুলে দেন।
