🚨🧧ত্রিপুরার চা-এর জনপ্রিয়তা বাড়াতে ১১ মার্চ উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা

 

ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে ও সর্বস্তরে ত্রিপুরার চা-এর জনপ্রিয়তা বাড়াতে আগামী ১১ মার্চ উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৬টায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর প্রাঙ্গণ থেকে ছেলেদের জন্য ৫ কিলোমিটার এবং মেয়েদের জন্য ৩ কিলোমিটার ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আজ বিকেলে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত থাকবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। তাছাড়া আগামী ১২ মার্চ সকাল সাড়ে ৬টায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর প্রাঙ্গণ থেকে রান ফর টি উপলক্ষ্যে একটি র‍্যালির আয়োজন করা হয়েছে। এই র‍্যালির সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৩ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ হাজার ৫০০ টাকা, তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ১ হাজার ৫০০ টাকা এবং পঞ্চম থেকে দশম স্থানাধিকারী সকলকে পুরস্কার হিসেবে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *