রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব পালিত হচ্ছে রাজ্যে

নাম নয়, অর্থ নয়, প্রতিপত্তি নয়, যশ নয়, খ্যাতিও নয়, আজকের দিনে পরমহংস শ্রী রামকৃষ্ণ সকলকে চৈতন্য দিয়েছিলেন। সেই দিনটি ছিল ১৮৮৬ সালের ১ জানুয়ারি, যেদিন তিনি কল্পতরু হয়েছিলেন।
আজ পয়লা জানুয়ারি কল্পতর উৎসব। সারা রাজ্যে আজকের দিনটি রামকৃষ্ণদেবের অনুগামীরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করছে। সারা রাজ্যের সঙ্গে শহর দক্ষিণাঞ্চলেও আজকের দিনে কল্পতরু  উৎসব পালন করা হয়। ভক্তদের বিশেষ উপস্থিতিতে দিনভর চলে রামকৃষ্ণ দেবের বিভিন্ন সংগীত পাশাপাশি অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। পরবর্তীতে ভক্তদের ভেতরে প্রসাদ বিতরণ করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হল স্বর্গের একটি বিশেষ বৃক্ষ। যার কাছে ভাল বা মন্দ যা চাওয়া হয়, তাই মেলে। আক্ষরিক অর্থ অনুযায়ী কল্প কথার অর্থ ইচ্ছে, ও তরু শব্দের অর্থ বৃক্ষ; অর্থাৎ যে গাছ মানুষের ইচ্ছেকে পূর্ণ করে সেই হল কল্পতরু।
জানা যায়, ১৮৮৬ সালের ১ জানুয়ারি রামকৃষ্ণ পরমহংস দেব তাঁর ভক্তদের বলেছিলেন, “তোমাদের চৈতন্য হোক।” সেই সময় গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীরামকৃষ্ণদেব। চিকিৎসার জন্য তাঁকে উত্তর কলকাতার কাশীপুরে একটি বাগানবাড়িতে নিয়ে আসা হয়। এই বিশেষ দিনে তিনি একটু সাময়িক সুস্থ বোধ করায় বাগানে হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় সমাধিস্থ হয়ে সেখানে উপস্থিত তাঁর সব ভক্তদের তিনি স্পর্শ করেন। সেই সব ভক্তরা পরবর্তীকালে জানিয়েছিলেন যে তাঁদের প্রত্যেকেরই সেদিন অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই দিনেই রামকৃষ্ণদেব তাঁর অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *