রাজ্যে উৎপাদিত চা বাজারজাতকরণে টি বোর্ড অব ইন্ডিয়ার সাথে রাজ্য সরকারের বৈঠক

রাজ্যে উৎপাদিত চা বাজারজাতকরণে টি বোর্ড অব ইন্ডিয়ার সাথে রাজ্য সরকারের বৈঠক রাজ্যে উৎপাদিত চা দেশ বিদেশে আরও বেশি করে বাজারজাতকরণের লক্ষ্যে আজ টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে রাজা সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, টি বোর্ড অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চল আঞ্চলিক কার্যালয়ের এগজিকিউটিভ ডিরেক্টর অরুনিতা ফুকন যাদব ও ডেপুটি ডিরেক্টর কমলা চন্দ্রা বৈশ্য, টি বোর্ডের কন্ট্রোলার অব লাইসেন্সিং রজনীগন্ধা সীল নস্কর, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস উপস্থিত ছিলেন। সভায় রাজ্যের চা-কে দেশ-বিদেশে জনপ্রিয় করা ও বাজারজাতকরণের লক্ষ্যে রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনের উপর শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা গুরুত্বারোপ করেন।রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও সচিব সভায় মতামত ব্যক্ত করেন। এছাড়াও সভায় ই-অকশন, ই-প্রকিউরমেন্ট, ই-সেলিং এবং ই-মার্কেট প্লেস নিয়ে আলোচনা হয়। সভার শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সম্ভোষ সাহা বলেন, রাজ্যের চা-কে দেশ-বিদেশে আরও বেশি করে বাজারজাতকরণের লক্ষ্যে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনের জন্য টি বোর্ড অব ইন্ডিয়ার নিকট দাবি জানিয়ে আসছিল। রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতেই আজ টি বোর্ড অব ইন্ডিয়ার উদ্যোগে এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সহযোগিতায় ক্রেতা, বিক্রেতা ও ব্রোকারদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। ফলে আজকের দিনটি রাজ্যের চা শিল্পের জন্য নিশ্চয়ই এক গুরুত্বপূর্ণ দিন। তিনি জানান, এই সম্মেলনে রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে ক্রেতা বিক্রেতা ও ব্রোকাররা তাদের মতামত ও বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনে রাজা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও সভায় আশ্বাস প্রদান করা হয়। ত্রিপুরায় চা নিলামকেন্দ্র স্থাপনে টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিনিধিরাও প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *