রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার বেহাল দশা সরব হলেন শিক্ষকরাই !

 

 

আগরতলা, শুক্রবার: রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার বেহাল দশা নিয়ে সরব হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একাধিক দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দুর্গা বর্ধনকে সভানেত্রী, শুভঙ্কর রায়কে সাধারণ সম্পাদক এবং শুভাশীষ ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ করে মোট ১৪ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন, ২০২১ সালে রাজ্য সরকার ICT কম্পিউটার এডুকেশন প্রকল্প চালু করলেও পাঁচ বছর পরও তার উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়েনি। তারা জানান, তৃতীয় পক্ষের মাধ্যমে এই প্রকল্প পরিচালনার পরিবর্তে সরাসরি রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যবহার করে কম্পিউটার শিক্ষার মান উন্নয়ন করা জরুরি।

এছাড়াও কম্পিউটার শিক্ষকদের বেতন কাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের দাবি, অন্যান্য শিক্ষকদের মতো সমান দায়িত্ব পালন করেও তারা মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা পান, যা বর্তমান সময়ে অত্যন্ত অপ্রতুল। তাই দ্রুত বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখে রাজ্যের ৩৬৫টি স্কুলে চলমান ICT কম্পিউটার এডুকেশন প্রকল্পের মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের চাকরি সুরক্ষার দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কম্পিউটার শিক্ষার বর্তমান সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরার কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *