আগরতলা, বৃহস্পতিবার: রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আগরতলা শহরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরগুলিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে ইতিমধ্যেই রানীপুকুর, ডিমসাগর, সাতলাখী পুকুর ও কুমারী টিলা পুকুরসহ একাধিক পুকুরের সৌন্দর্যায়ন এবং সংস্কার করা হয়েছে। আগরতলা শহরের প্রাণকেন্দ্র মধ্যপাড়ার পুকুরটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুকুরটি সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ করা হচ্ছে।সংস্কার কাজ চলাকালীন কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনার সাজু ওয়াহিদ, এলাকার বিশিষ্ট নাগরিক সঞ্জয় পালসহ অন্যান্যরা।পরিদর্শন শেষে মেয়র জানান, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় মধ্যপাড়ার পুকুরটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুকুরটি সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, অন্যদিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুর নিগমের উদ্যোগে একে একে সেই সব পুকুর সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে।
