রাজ্যে লঙ্ঘিত হচ্ছে আইনশৃঙ্খলা, প্রতিবাদে রাজপথে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

ত্রিপুরায় ভেঙে পড়া আইনশৃঙ্খলার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার আগরতলার দলীয় কার্যালয় থেকে এক বৃহত্তর মিছিল সংগঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা-সহ অন্যান্য বহু নেতৃবৃন্দরা এবং কর্মীরা।
এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আপনরা অবগত ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুশাসনের নামে প্রচার চালিয়েছে কিন্তু প্রতিদিন পত্র পত্রিকাতে দেখছি যে আইনশৃঙ্খলা কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। ৭ দিনের মধ্যে ৩টে গণধর্ষণ হয়েছে এবং এরকম ঘটনা আছে যেখানে এফআইআর লিখতে পুলিশ রাজি নয়। যারা আজকে ক্ষমতায় আছে, যাদের দিকে তাকিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ নিরাপত্তার আশা করছে, সেখানেই বিজেপির জনপ্রতিনিধিরা জড়িয়ে আছে। একটি ধর্ষণের ঘটনায় একজন মন্ত্রীর ছেলের নাম উঠে এসেছে। মন্ত্রী পুত্রের নাম উঠে এসেছে কিন্তু এফএইআরে তার নাম নেই।”
ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা বলেন, “আপনারা সবাই জানেন বিগত ৭ দিন ধরে রাজ্যের মধ্যে কুমারঘাট, কল্যাণপুরে আমাদের বোনেদের ধর্ষণ করা হচ্ছে, তারা কেউ সুরক্ষিত নয়। আজকে রাজ্যে কীসের শাসন চলছে? নতুন মুখ্যমন্ত্রী বলছেন সুশাসনের কথা কিন্তু আজকে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত মানুষ আতঙ্কে আছে, কেউ ঘরে থাকতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *