কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে জাতীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত ২৭ অক্টোবর কাঞ্চনপুর সার্কিট হাউস কনফারেন্স হলে একদিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের অধীন দুইজন স্টাফ নার্স,নয়জন কমিউনিটি হেলথ অফিসার এবং ১৮ জন এমপিডব্লিও অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন জেলা ম্যালেরিয়া অফিসার ডাঃ রাহুল পুরকায়স্থ। এছাড়াও উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ অলক দেওয়ান, স্টেট আইইসি কলসালটেন্ট জয়দ্বীপ দত্ত, উত্তর জেলা পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির কলসালটেন্ট শুভ্রজিৎ কর, এমটিএস অপু দেববর্মা, ল্যাবরেটরি টেকনিশিয়ান তাপস চাকমা প্রমুখ। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত সকল স্বাস্থ্যকর্মীদেরকে ম্যালেরিয়া শনাক্তকরণে আরডি কিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা ও ব্লাড স্লাইড সংগ্রহ করার কৌশলগুলি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও জেলা ম্যালেরিয়া অফিসার রক্তের নমুনা পরীক্ষায় কারোর যদি ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় তাহলে কি ধরনের ঔষধ প্রদান করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ম্যালিরিয়া প্রতিরোধে ঘুমানোর সময় নিয়মিত মশারী ব্যবহার করা, ঘরের ভেতরে ডিটিটি স্প্রে করা, বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা, যেখানে সেখানে জল জমতে না দেওয়া যথাসম্ভব ফুলহাতা জামা কাপড় পরিধান করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য সকলকে সচেতন করার জন্য আহ্বান জানান।
