আন্তর্জাতিক প্রবীণ দিবসে আলোচনা সভা এবং স্বাস্থ্য শিবির
কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন জলাই উপস্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত উজান জলাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২৮ অক্টোবর এক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় এলাকার পঞ্চায়েত সদস্য, কমিউনিটি হেলথ অফিসার, এমপিডব্লিও, অঙ্গনওয়াড়িকর্মী, আশাকর্মী সহ এলাকার প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন। এই সভায় কমিউনিটি হেলথ অফিসার রুপা দাস কোষ্ঠ কাঠিন্য দূরীকরণের উপায়, ডায়াবেটিক রোগীদের পায়ের ও চোখের যত্ন নেওয়া, মুখের ভেতরের ক্যান্সার প্রতিরোধ, ধূমপান থেকে বিরত থাকা এবং প্রচুর পরিমানে সবুজ শাক-সবজি ও ফল আহার করা, যোগ-ব্যায়াম ও শরীরচর্চার গুরুত্ব এবং কোভিড- ১৯ টিকাকরণ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তাছাড়াও এদিন এলাকায় বিষ্ণুধাম মন্ডপে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, তাতে মোট ৩৬ জন এলাকার প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থা পরীক্ষা করে প্রয়োজন অনুসারে ঔষধ প্রদান করেন। এই শিবিরে রক্তচাপ ও মধুমেহ রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষা করা হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডি কিটে রক্ত পরীক্ষা করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
