পশ্চিম ত্রিপুরা জেলার ১,৮৯৫ জন তপশিলী জাতিভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পে এই সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে জেলার সদর মহকুমার ১,২২৬ জন, জিরানীয়ার ২৬৮ জন ও মোহনপুর মহকুমার ৪০১ জন ক্ষুদ্র ব্যবসায়ী উপকৃত হবেন। তাছাড়াও এই প্রকল্পে আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডস্থিত রবিদাস পাড়া এসসি কমিউনিটি হল এবং জগন্নাথবাড়িস্থিত ড. বি আর আম্বেদকর ছাত্রীনিবাসটি সংস্কার, কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের গোপালনগর উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এজন্য ব্যয় হবে ১ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। পশ্চিম ত্রিপুরা জেলা তপশিলী জাতি কল্যাণ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।
