পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভা সম্প্রতি জিলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য সহ কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় জলসম্পদ দপ্তরের ১নং ডিভিশনের আধিকারিক জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় ১৯১টি উত্তোলক ও গভীর নলকূপ সেচ প্রকল্প রূপায়ণে কাজ চলছে। হেজামারা, মোহনপুর, মান্দাই, জিরানীয়া, ডুকলি কৃষি মহকুমায় চলতি অর্থবছরে ২৮ হেক্টরে আউশ ধান এবং ১৪,৯৭৪ হেক্টর জমিতে আমন ধান চাষের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে জেলার মোহনপুর, হেজামারা, মান্দাই, জিরানীয়া ও ডুকলি কৃষি মহকুমার ১৬,৪৮৪ জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে এবং ১২, ১৮৮ জন কৃষক সুবিধা পেয়েছেন। এই জেলায় ৩১৫ জন কৃষকের কিষান ক্রেডিট কার্ড মঞ্জুর করা হয়েছে এবং তারা প্রায় ৬৫ লক্ষ টাকা সহায়তা পেয়েছেন। উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় চলতি অর্থবছরে জেলার ১ লক্ষ ৫২ হাজার ৪৩০টি পেঁপে, ১ লক্ষ ১ হাজার ৬২০টি লেবু, ১ লক্ষ ২৭ হাজার ২৫টি সুপারি এবং ১ লক্ষ ২৭ হাজার ২৫০টি গাদা ফুলের চারা বিতরণ করা হয়েছে। এরফলে ২৫,৪০৫টি পরিবার উপকৃত হয়েছেন। চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় জেলার বিভিন্ন ব্লকে ১২ হেক্টর জমি আনারস চাষের আওতায় এসেছে। সভায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক জানান, চলতি অর্থবছরে ৯,৩৫৯টি গবাদি পশুর কৃত্রিম প্রজনন করা হয়েছে। এছাড়া ২৩১টি প্রাণী স্বাস্থ্য শিবির, ৬৯১টি সচেতনতা শিবির ও ৭৯টি ফার্টিলিটি ম্যানেজমেন্ট শিবির অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *