১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত একমাস ব্যাপী আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধ দিবস উপলক্ষে গোমতী জেলা হাসপাতালের রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের মোবাইল হেলথ টিমের উদ্যোগে উদয়পুর আমতলিস্থিত আলোর দিশারী অনাথ আশ্রমে আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধ দিবস এবং গয়টার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে গোমতী জেলা হাসপাতালের রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমের চিকিৎসক ডাঃ পূজা দেবনাথ, ডাঃ অরুণাভ দেবনাথ, ফার্মাসিস্ট প্রসেনজিৎ নমঃ সহ গোমতী জেলার (ডিইআইসি) এর ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ দীপাঞ্জনা রুদ্র পাল উপস্থিত ছিলেন। উক্ত আশ্রমের মোট ৪৯ জন শিশুর স্ক্রিনিং করেন। স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিতে শিশুদের স্ক্রিনিংয়ের পাশাপাশি আমাদের দেহে আয়োডিনের অভাবে কি কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োডিন ঘাটতির ফলে আমাদের বুদ্ধির বিকাশ কম হওয়া, কানে কম শুনতে পাওয়া, পেশী বৈকল্য ঘটা, শিশুর মানসিক বুদ্ধি ও বিকাশ কম হওয়া, শিশুর বামনত্ব হওয়া, গর্ভবতী মায়ের গর্ভপাত হওয়া এবং থাইরয়েড গ্রন্থির স্ফীতি হয়ে যাওয়া বা গলগন্ড রোগ হওয়া ইত্যাদি হতে পারে। তাই একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা এবং শিশুদের খাবার আগে ও শৌচের পর সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া এদিন উক্ত শিবিরে গয়টার রেগেরও স্ক্রিনিং করা হয়। পরিশেষে উপস্থিত সকল শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
