খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায় : ক্রীড়ামন্ত্রী

খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে সারা রাজ্যে তৃণমূলস্তর থেকে নেশা বিরোধী অভিযানকে সফল করে তুলতে হবে। সমস্ত অংশের মানুষকে এই অভিযানে সামিল করতে হবে। আজ শিক্ষা ভবনের যুব ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের ২০২২-২৩ -এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, একমাত্র খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই ছেলেমেয়েদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে দূরে রাখা যায়। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে আহ্বান জানিয়েছে তা যেন শুধু স্লোগানেই সীমাবদ্ধ না থাকে। নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগান যেন সঠিকভাবে কার্যকর হয় সেদিকে আমাদের সকলের নজর রাখা কর্তব্য ও দায়িত্ব। তিনি বলেন, খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্য সরকারের একটি বিশেষ পদক্ষেপ। তাতে ছাত্রছাত্রীদের সাথে ক্লাবগুলিকেও যুক্ত করতে হবে। এজনা এবছর থেকে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিতে খেলার সামগ্রী বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এবছর রাজ্যের ১৫০০টি ক্লাবকে খেলার সামগ্রী দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি বলেন, খেলাধুলা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং ধলাই জিলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার। সভায় ত্রিপুরা বিদ্যালয় ক্রীড়া বোর্ডের সাধারণ সচিব পাইমং মগ এক তথ্যচিত্রের
মাধ্যমে ত্রিপুরায় ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন স্কিমে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের তথ্য তুলে ধরেন। সেই সাথে চলতি অর্থবছরেরও বিভিন্ন স্কিমে যেসব ক্রীড়া কর্মসূচি চলছে সে
বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন। সে তথ্য থেকে জানা যায় গত অর্থবর্ষে রাজ্যের
খেলাধুলার উন্নয়নে ১ কোটি ৭৪ লক্ষ ২৮ হাজার ৩২৯ টাকা বায় হয়েছে। চলতি বছরেও ২ কোটি ৫২ লক্ষ ৩০ হাজার ৪৯০ টাকা বিভিন্ন স্কিমে খেলাধুলার উন্নয়নের জন্য বায় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্যের সব জেলায় ক্রীড়া সামগ্রী। বিতরণ ও বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সচিব জানান, এর মধ্যেই খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা স্কিমের খেলাগুলি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সব খেলাগুলি শেষ করা হবে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিও শেষ হবে। সভায় সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়া আধিকারিকগণ। আধিকারিকগণ সভায় নিজ নিজ জেলার ক্রীড়া কর্মসূচি নিয়ে পর্যালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *