বিদ্যুত বঞ্চনা ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে শনিবার সকাল 11টা থেকে কৈলাসহর ধর্মনগর প্রধান সড়কের চিনি বাগান এলাকায় পথ অবরোধ করে নুনছড়া ও শিববাড়ি এলাকার জনগণ।
এলাকাবাসীরা জানান দীর্ঘ তিন সপ্তাহ ধরে শিববাড়ি ও নুন ছড়া এলাকায় বিদ্যুৎ নেই। এলাকাবাসীরা আরো অভিযোগ করেন যে বিদ্যুৎ না থাকার পরও তাদের বিল আসছে। অভিযোগ জানানোর জন্য স্থানীয় সাই কম্পিউটার লিমিটেডের অফিসে গেলে কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। দীর্ঘক্ষণ বাইরে বসে থেকেও কর্মীদের দেখা মিলে না। দীর্ঘ কয়েক ঘন্টা কৈলাসহর ধর্মনগর সড়কের চিনিবাগান এলাকায় অবরোধের ফলে রাস্তার দুই ধারে কয়েক শতাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়িচালকসহ যাত্রীদের। সাই কম্পিউটার কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব পাওয়ার পর থেকেই কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা লাটে উঠেছে।
শুধুমাত্র গ্রামীণ এলাকাতেই নয় শুক্রবার থেকে খোদ কৈলাসহর পুর পরিষদের 2নং ওয়ার্ড এলাকা বিদ্যুতহীন বিকল ট্রান্সফর্মার সারাইয়ের উদ্যোগ নেই কতৃপক্ষের। সর্বত্র যখন পরিষেবার বেহাল চিত্র তখন সংস্থার প্রজেক্ট ম্যানেজার গৌতম ঘোষ সাই কম্পিউটার লিমিটেডের প্রতিষ্ঠার দুই বৎসর পূর্ণ হওয়ার সুবাদে স্থানীয় নেতা ও উচ্চপদস্থ আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট বিলি করছেন । কতিপয় সংবাদ মাধ্যম দিয়ে তার আবার ঢালাও প্রচারও করছেন অথচ পরিষেবার বেলায় ঠুটু জগন্নাথ।
অবরোধ চলার 3 ঘন্টা পর মহকুমা শাসক অফিসের একজন ডিসিএম ও সাই কম্পিউটারের প্রকৌশলী ও আধিকারিকরা গিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
