ধর্মনগর মহিলা থানা এলাকার এক নাবালিকা অপহরণ মামলায় গুজরাট থেকে উদ্ধার সতেরো বছরের ঐ নাবালিকা। সেই সাথে অপহরণকারী ধৃত যুবককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। ধৃত যুবকের নাম অমর সাহানি(৩২), পিতা মহেশ সাহানি বাড়ি ধর্মনগর রেল কলোনি। জানা গেছে গত ১৭ অক্টোবর লিখিত অভিযোগ জানিয়ে ধর্মনগর মহিলা থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবারের লোকজন। আর এই লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬/১০৯/৩৪ ধারায় একটি অপহরণের মামলা গ্রহণ করে ধর্মনগর মহিলা থানা, যার নম্বর ৪১/২০২২ । মামলা গ্রহণ করে ধর্মনগর মহিলা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে নাবালিকা মেয়েটি গুজরাটের পানলিতে রয়েছে। আর সেই সূত্র ধরে ত্রিপুরা পুলিশের ধর্মনগর থানার এক প্রতিনিধি দল গুজরাটে যায়। আর সেখান থেকে গুজরাট পুলিশের সহযোগিতায় নাবালিকা সহ ধৃত অমর সাহানিকে ১৩ নভেম্বর আটক করে। বর্তমানে নাবালিকা সহ ধৃত যুবককে ১৮ নভেম্বর দুপুর ১২টা নাগাদ নিয়ে আসা হয় ধর্মনগরে। ধর্মনগর মহিলা থানার ওসি শিপ্রা দাস জানিয়েছেন, ধৃত যুবককে আজ আদালতে তোলা হয় এবং নাবালিকা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে নাবালিকা মেয়েকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
