বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রতনপুর বাজারে শুক্রবার দুপুরে ঋষ্যমুখ মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজেপি জনজাতি সম্মেলন। এই সম্মেলনে ত্রিপুরা মথা এবং সিপিআইএম দল ছেড়ে ১৫ পরিবারের ৬০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, ঋষ্যমুখ মন্ডল জনজাতি মোর্চার সভাপতি প্রসেনজিৎ ত্রিপুরা, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য, মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরমধ্যে প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্যের উদ্যোগে জনজাতি বিজেপি কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শুক্রবার প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্যের নেতৃত্বে লতুয়াটিলা বাজার থেকে বিশাল সংখ্যক বিজেপি কার্যকর্তাদের বাইক এবং অটোর মাধ্যমে মিছিল করে প্রদেশ সভাপতি কে স্বাগত জানানো হয়। প্রদেশ সভাপতি ভাষণ রাখতে গিয়ে তিপ্রা মথা এবং সিপিএম দলকে তীব্রভাবে কটাক্ষ করে সরাসরি প্রদ্যেত কিশোর ও তার গ্রেটার তিপ্রা ল্যান্ড দাবি নিয়ে আক্রমণ করেন। বলেন, কিছু মানুষ রাজা-রাজা- করছে। তিনি কিসের রাজা? রাজতন্ত্র শেষ হয়ে গেছে বহু আগে। এখন আবার কিসের রাজা। এই সুযোগ নিয়ে জনজাতিদের বিভ্রান্ত করছে। কিসের গ্রেটার তিপ্রা ল্যান্ড? গ্রেটার তিপ্রা ল্যান্ড কি, সেটা রাজ্যের জনজাতিরা কি জানে?
বিজেপি এই কর্মসূচিতে জনজাতিদের উপস্থিত জানান দিল আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক আসন নিয়ে ত্রিপুরায় সরকার পুনরায় গঠিত হচ্ছে। ঋষ্যমুখ বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবেন। প্রাক্তন মন্ডল সভাপতির ডাকে আজকের এই কর্মসূচি দেখে আনন্দে আপ্লুত প্রদেশ বিজেপি সভাপতি এবং প্রদেশ নেতৃত্বরা।
