উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে গত ১৫ নভেম্বর জাতীয় নবজাতকের যত্ন সপ্তাহ পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাছড়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা এবং জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন। উপস্থিত ছিলেন উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুণাভ চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারী আধিকারিক। উক্ত অনুষ্ঠানে উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য। আধিকারিক ডাঃ অরুণাভ চক্রবর্তী নবজাতকের যত্ন সপ্তাহ পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে যাতে বার্থ ডোজ টিকার সুযোগ পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে এবং পরবর্তীতে সময়মত টিকা করানোর জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন। তাছাড়া তিনি এদিন আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদেরকে নবজাত শিশুর জনোর পর নিয়মিত বাড়ি পরিদর্শন করে শিশুর ওজন ও তাপমাত্রা পরিমাপ করা, নবজাতককে জন্মের পর পর মায়ের বুকের প্রথম গাঢ় হলুদ দুধ (কলোস্ট্রাম) খাওয়ানোর উপকারিতা, ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো এবং ছয় মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পরিপূরক পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদেরকে টিকাকরণে কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য আহ্বান করেন, যাতে একটি শিশুও টিকাকরণ থেকে বাদ না যায়, কারণ আজকের শিশুই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
