পিএম শ্রী প্রকল্পে সোনামুড়া মহকুমায় ৮টি মডেল স্কুল খোলা হবে : শিক্ষামন্ত্রী

রাজ্যের বর্তমান সরকার মহিলাদের বিকাশের লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্যের একটি মেয়েও যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মেলাঘর টাউনহলে সোনামুড়া মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, বর্তমান ত্রিপুরা সরকারের স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগানকে সামনে রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, রাজ্যের নবম শ্রেণীতে পড়ুয়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। ২০১৮-১৯ সালে ২৮ হাজার ৬ জন এবং ২০১৯-২০ সালে ২৬ হাজার ৫৩০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এবার ২০২০-২১ এবং ২০২১-২২ এই দুই অর্থবছর মিলিয়ে একই সঙ্গে ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে। এতে সারা রাজ্যের মোট ৪৪ হাজার ৬৭৩ জনকে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে ব্যয় করা হয়েছে ১৭ কোটি ১০ লক্ষ টাকা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার আসার পর শুধু বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল দিতে গিয়ে রাজ্য সরকারের ব্যয় হয়েছে মোট ৩৩ কোটি ১১ লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী বলেন, পূর্বতন সরকারের সময় বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হতো না। বর্তমান রাজ্য সরকার সমস্ত অংশের ছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ করছে। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে শুধুমাত্র সোনামুড়া মহকুমাতেই ৯টি বিদ্যাজ্যোতি স্কুল খোলা হয়েছে। তাছাড়াও সোনামুড়া মহকুমার ৪টি ব্লকে পিএম শ্রী প্রকল্পে ৮টি মডেল স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা আগামী কয়েক বছরের মধ্যে সমগ্র দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিধায়ক সুভাষ দাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের স্বশক্তিকরণ ও সার্বিক কল্যাণের লক্ষ্যে রাজা ও কেন্দ্র সরকার নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এক্ষেত্রে সমস্ত অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ও সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ। অনুষ্ঠানে এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। গতকাল এই অনুষ্ঠানে সোনামুড়া মহকুমা এলাকার ৮টি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া মোট ২৮৭ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *