রাজনৈতিক সন্ত্রাস ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও অভিযান

বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্য প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এক বৃহত্তর মিছিল আয়োজিত হয়। এই দিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই মিছিল যখন মুখ্যমন্ত্রীর বাড়ির নিকট গিয়ে পৌছায় তখন পুলিশ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি দেখা দেয়।
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায় বলেছেন, “ধর্ষণ, খুন হচ্ছে, নেশায় ভরে গেছে ত্রিপুরা, উন্নয়ন নেই আর মুখ্যমন্ত্রী কুশাশনকে ঢাকার জন্য সুশাসনের পোস্টার নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরছে। আপনারা দেখেছেন আমরা বার বার বলেছি আমরা রাজনৈতিক সন্ত্রাসের বিরোধী। গতকালকে আমরা দেখেছি যে এই রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছে এক বিরোধী রাজনৈতিক  দলের এক কর্মী। আমরা ধিক্কার জানাচ্ছি।”
মিছিল চলাকালীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, “আজকে আমি বলবো যে ভাবে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী অন্যান্য দলের কর্মীদের সাথে লড়াই ঝগড়ায় জড়াচ্ছে, এই গুলো কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? আমরা চাই ত্রিপুরা রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হবে, ভোটের লড়াই হবে। ডঃ মানিক সাহাকে প্রশ্ন করতে চাই যে পত্র পত্রিকায় দেখতে পাই যে রোজ বিভিন্ন দলের মধ্যে মারপিট দাঙ্গা চলছে। কাকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ? কেনো গ্রেপ্তার করা হচ্ছে না কারণ তারা বিজেপি কর্মী। আমরা শান্তিপূর্ণ ভোটের লড়াই চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *