কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রীর সভাপতিত্বে খোয়াই জেলায় পর্যালোচনা সভা

কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে আজ খোয়াই জেলায় কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী ড. রাজকুমার রঞ্জন সিংয়ের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী ও বিজয় সিনহা প্রমুখ। তাছাড়াও সভায় জেলার বিভিন্ন ব্লকের বিডিওগণ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, শিক্ষা, বিদ্যুৎ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, কৃষি ও কৃষক কল্যাণ এবং স্বাস্থ্য দপ্তরের জেলাস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের গ্রামীণ এলাকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে পঞ্চায়েত ও সরকারি আধিকারিকদের মধ্যে নিবিড় সমন্বয় রেখে কাজ করতে হবে। সভায় তিনি বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তুলতে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
পর্যালোচনা সভায় খোয়াই জেলায় জাতীয় শিক্ষানীতি, জল জীবন মিশন, পিএম কিষাণ, সৌভাগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, আয়ুষ্মান ভারত, কেন্দ্রীয় সামাজিক ভাতা, ই-শ্রম কার্ড, প্রধানমন্ত্রী জনধন যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেলায় এ সমস্ত প্রকল্প ও যোজনার রূপায়িত কর্মসূচির অগ্রগতির খোঁজখবর নেন। পর্যালোচনা সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়ে জেলাস্তরের আধিকারিকদের সাথে মতবিনিময়ও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *