রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের অস্বীকৃত কাস্টমারি ‘ল’ বিল নিয়ে গতকাল সচিবালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। সভায় বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সর্দার/মুখ্যব্যক্তি, আইন দপ্তর, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ও জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
সভায় রিয়াং (ব্লু), মুড়াসিং, ত্রিপুরা, মগ, কাইপেং, মলছম, লুসাই, চাকমা, কলই, ত্রিপুরী (ক্ষত্রীয়সমাজ), উচই, রাংখল, চুড়াই, নোয়াতিয়া ও গারো জনজাতি সম্প্রদায়ের কাস্টমারী ‘ল’ বিলগুলি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি)কাছে অস্বীকৃত রয়েছে। তা আগামী ১৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অনুমোদনক্রমে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়। যাতে জনজাতি কল্যাণ দপ্তর আগামী ৫ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাজ্যপালের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা যায়। এ বিষয়ে সমস্ত জনজাতি সম্প্রদায়ের সর্দারদেরকে টিটিএএডিসি’র কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে দ্রুত ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অনুমোদনক্রমে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের কাছে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।
