বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করে সরকার রাজ্যের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিচ্ছে। রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামোরও উন্নয়ন করা হচ্ছে। আজ খয়েরপুরের গীতবিতান হলে নবনির্মিত পাঁচটি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। আজ যে পাঁচটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেগুলি হলো, ৩৩ কেভি খয়েরপুর সাব স্টেশন, ৩৩ কেভি কাঠালিয়া সাব স্টেশন ও ৩৩ কেভি রানী সাব স্টেশনের ক্ষমতা বর্ধিতকরণ ও সম্প্রসারণ। তাছাড়াও ১৩২ কেভি রুখিয়া-রবীন্দ্রনগর ও ১৩২ কেভি উদয়পুর-বকাফা নবনির্মিত ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ দেওয়া মানে মানুষের জীবনকে আলোকিত করা। তিনি জানান, আগে মানুষের চাহিদা ছিল রোটি, কাপড়া অর মকান। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ। তিনি বলেন, এই পাঁচটি নতুন প্রকল্পের উদ্বোধনের ফলে প্রায় ৪০ হাজার গ্রাহক উপকৃত হবে। তিনি জানান, যে সকল প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌছে দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। ছেলেমেয়েদের পড়াশুনা করার জন্য সোলার স্টাডি ল্যাম্প দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৩ লক্ষ সোলার স্টাডি ল্যাম্প বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গ্রামীণ বাজারগুলিতে রাজ্য সরকারের গ্রামীণ বাজার আলো প্রকল্পের মাধ্যমে সোলার স্ট্রিট লাইট দেওয়া হচ্ছে। সোলার ওয়াটার ফিল্টার বসানো হচ্ছে গ্রামীণ এলাকায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ৪৯টি নতুন বিদ্যুৎ সাব স্টেশন গড়ে তোলা হয়েছে। মোট ৬০টি সাব স্টেশন গড়ে তোলা হবে তিনি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিদ্যুৎ মানুষের জীবনের এক অপরিহার্য অঙ্গ। একে ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, খয়েরপুররের এই সাব স্টেশনটির ক্ষমতা বর্ধিতকরণের ফলে রানীরবাজার, খয়েরপুর, পুরাতন আগরতলা অঞ্চলের প্রায় ১০ হাজার গ্রাহক উপকৃত হবে। তাছাড়া বক্তব্য রাখেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের জিএম ট্রান্সমিশন রঞ্জন দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্মিত পাঁচটি প্রকল্পের উপর এক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ ৩৩ কেভি খয়েরপুর সাব স্টেশনটি পরিদর্শন করেন।
