🚨🧧বর্তমান রাজ্য সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে : মুখ্যমন্ত্রী

বর্তমান রাজ্য সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে। আমরা মানুষের কাছাকাছি থাকতে চাই। প্রতি ঘরে সুশাসন কর্মসূচির মাধ্যমে প্রশাসন একেবারে মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। আজ পেঁচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি পাঁচটি প্রকল্পের শিলান্যাস ও ৫০ শয্যাবিশিষ্ট জনজাতি ছাত্রী আবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসার (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে
পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার স্বচ্ছতার সাথে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য কাজ করছি। সরকার মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে। স্বসহায়ক দলগুলো এখন সত্যিকারের অর্থে স্বনির্ভর হয়ে উঠছে। রাজ্যে ৬টি জাতীয় সড়কের কাজ চলছে। আরও ৭টি জাতীয় সড়কের জন্য ১০ হাজার ২২২ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে। সেইসাথে রাজ্যে ৪টি রোপওয়ে করার জন্যেও অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। এই সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে কাজ করছে। আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কর্মকান্ড জারি রেখেছে। এছাড়াও তিনি পেঁচারথল এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্যও তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেঁচারখল ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সজল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন এমডিসি বিমল কান্তি চাকমা। উপস্থিত ছিলেন এমডিসি স্বপ্নারাণী দাস, জেলাশাসক ডা. বিশাল কুমার, জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, সমাজসেবী পবিত্ৰ দেবনাথ প্রমুখ।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ পেঁচারথল সফরে এসে পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্টেডিয়াম, বিদ্যালয়ের দ্বিতল পাকা ভবন, পেঁচারখল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আন্ধারছড়া বুদ্ধ ঝর্ণা যাওয়ার সড়ক, সোলোনালা থেকে বাঘাইছড়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ পেঁচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫০ শয্যাবিশিষ্ট এসটি গার্লস হোস্টেলের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *