🧧🚨তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নয়নের পথ সুগম করাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য : তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নয়নের পথ সুগম করাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য। এই অংশের মানুষের উন্নয়ন ছাড়া দেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন কখনই সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই একথা প্রথমে বিশেষভাবে উপলব্ধি করেন। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ড. বি আর আম্বেদকরের পথ অনুসরণ করে তপশিলি জাতির কল্যাণে রাজ্যে রাজ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়িতও করা হচ্ছে। আজ আগরতলা টাউনহলে পশ্চিম ত্রিপুরা জেলার তপশিলি জাতিভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাইসাইকেল, ওজন মাপক যন্ত্র বিতরণ এবং বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন।
তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এসব সামগ্রী বিরতণ এবং ঋণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী শ্রী দাস বলেন, রাজ্যের প্রতিটি জেলায় আজ তপশিলি জাতির ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এই সামগ্রী বিতরণ ও ঋণ প্রদান করা হচ্ছে। এর ফলে রাজ্যের তপশিলি জাতির একটি বিরাট অংশ উপকৃত হবেন। এইসব সামগ্রী পাওয়ার পর তাদের মধ্যে কর্মউদ্দীপনা বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এতে তপশিলি জাতির পরিবারগুলির পারিবারিক আয় যেমন বাড়বে তেমনি আর্থসামাজিক মানও উন্নত হবে। তিনি বলেন, পূর্বতন সরকার তপশিলি জাতির মানুষকে বঞ্চিত করে তাদের জন্য বরাদ্দ অর্থ, অন্য খাতে ব্যয় করত। বর্তমান সরকার তপশিলি জাতির জন্য বরাদ্দ অর্থ তপশিলি জাতির উন্নয়নেই ব্যয় করছে। তাই সরকার প্রাণীপালন থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা ও নানা প্রকল্পে ঋণ প্রদান করে তপশিলি জাতির পরিবারগুলিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীদিনেও সরকার এই জনকল্যাণমূলক মানসিকতা নিয়েই কাজ করে যাবে।
অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার তপশিলি জাতি অংশের ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণের মঞ্জুরীপত্র, ৪ জনকে ওজন মাপক যন্ত্র, ২ জনকে অটোরিক্সা এবং ৪ জনকে বাইসাইকেল দেওয়া হয়। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী শ্রীদাস ব্যবসায়ীদের হাতে এই ঋণ মঞ্জুরীপত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, চলতি বছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে পশ্চিম ত্রিপুরা জেলার তপশিলি জাতির ৭৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ওজনমাপক যন্ত্র, ১৫৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে বাইসাইকেল, ২০ জনকে অটোরিক্সা, ১৮৬ জনকে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে স্বল্প সুদে ঋণের মঞ্জুরীপত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা তপশিলি জাতি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস। তিনি বলেন, মানুষকে এখন সরকারি সুবিধাগুলি পাওয়ার জন্য মিটিং, মিছিলে দৌড়াতে হয় না। প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়নের ফলে এরাজ্যের তপশিলি জাতির জনগণের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান হল। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপশিলি জাতি আগরতলা সাব কমিটির চেয়ারম্যান টুটন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *