রাজ্যবাসীর মৌলিক সমস্যাগুলির সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত দিশায় সমাজের অন্তিম ব্যক্তির আর্থসামাজিক মানোন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে। গরীব, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক কল্যাণ হলো এই সরকারের প্রধান লক্ষ্য। আজ মধ্য ভুবনবনে কমিউনিটি হলের শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, সরকারের যে কোনও ধরনের উন্নয়নমূলক কাজের প্রধান লক্ষ্যই হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশ। বর্তমান সরকার চায় মানুষকে পাশে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে। রাজ্যের যোগাযোগ, স্বাস্থ্য, ক্রীড়া, শিক্ষার উন্নয়ন নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বর্তমানে ‘ বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এমবিবি বিশ্ববিদ্যালয়, ফরেন্সিক বিশ্ববিদ্যালয় রয়েছে। অচিরেই চালু হবে ডেন্টাল কলেজ। সরকার রাজাকে এডুকেশন হাব বানানোর চিন্তাভাবনা নিয়ে কাজ করে চলছে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল, রেস্টহাউস ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। এই সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি ডাক্তারদের রোগীদের প্রতি মানসিকতারও আমূল পরিবর্তন হয়েছে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের বাইরে রাজ্যবাসীর কল্যাণ করে চলছে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ডা. দিলীপ কুমার দাস সহ পুরনিগমের অন্যান্য কর্পোরেটরগণ।
