🚨🧧উত্তর জেলার ধর্মনগর ও দক্ষিণের সাব্রুম থেকে জন বিশ্বাস যাত্রার সূচনা করবেন অমিত শাহ: মুখ্যমন্ত্রী

প্রদেশ বিজেপির জন বিশ্বাস যাত্রা রথের মাধ্যমে শুরু হবে। দুই জায়গা থেকে বিজয় সংকল্প নিয়ে এই রথযাত্রা শুরু হবে। দক্ষিণ জেলার সাব্রুম এবং উত্তর জেলার ধর্মনগর থেকে এই রথযাত্রা শুরু হবে। এবং অতি অবশ্যই এই রথ যাত্রার সূচনায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বুধবার রাতেই রাজ্যে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সন্ধ্যায় আগরতলায় ভারতীয় জনতা পার্টির ট্রানজিট কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
        হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরই বেজে উঠবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা। এক্ষেত্রে অবশ্য শাসক দল ভারতীয় জনতা পার্টি বিরোধী শিবিরের চাইতে ধারেভারে অনেকাংশে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরার সরগরম রাজনৈতিক বাতাবরণের মধ্যে ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় সরকারের দুই নম্বর মন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর জেলার ধর্মনগর এবং ত্রিপুরার প্রান্তিক সীমান্ত এলাকা বলে পরিচিত সাব্রুমের দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করে জনতাকে সম্বোধিত করবেন তিনি। এই কর্মসূচি সম্পর্কে বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
         সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর থেকে প্রথম জন বিশ্বাস রথযাত্রা শুরু হবে। সেখানে প্রথমে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মনগরে বিজেপির উদ্যোগে একটি জনসভা করা হবে। জনসভা শেষে পতাকা নেড়ে রথ যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখানে একজন বিজেপি কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন অমিত শাহ। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন দক্ষিণ জেলার সাব্রুমে। সাব্রুম থেকে দুপুর দুটোয় রথযাত্রা শুরু হবে। রাজ্যের আমজনতার আশীর্বাদ নিয়ে ২০১৮ সাল থেকে রাজ্যে কাজ শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। তাই ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনবিশ্বাস রথযাত্রার আয়োজন শুরু করছে প্রদেশ বিজেপি। এই লক্ষ্যকে সামনে রেখে ধর্মনগর ও সাব্রুমে রথযাত্রার সূচনা করে রাজধানী আগরতলায় চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। মুখ্যমন্ত্রী আরো জানান, প্রদেশ বিজেপির রথযাত্রা সমাপ্ত হবে আগামী ১২ জানুয়ারি। দুটি রথই আগরতলাতে আসার পর এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। রথ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা উপস্থিত থাকবেন। প্রদেশ বিজেপির রথ ৬০ টি বিধানসভা এলাকা স্পর্শ করে আসবে। অনেক জায়গা রয়েছে, যেখানে বড় রথ যাবে না। সেই সকল জায়গা থেকে ছোট ছোট রথ এসে বড় রথের সাথে মিলিত হবে।
      এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সভাপতি জানান, রথযাত্রার সূচনা ও সমাপ্তি অনুষ্ঠানকে ঘিরে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাপ্তি কর্মসূচিতে রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী, লকেট চ্যাটার্জি সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এই রথ রাজ্যের প্রায় ১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। আর এই সময়ে প্রায় ২০০টি ছোটবড় জনসভা এবং রোড শো করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *