🧧🚨প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপালের শুভেচ্ছা

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের দেশে এক বিশেষ দিন। ১৯৫০-এ এই দিনটিতেই ১৯৪৯-এর ২৬ নভেম্বর ভারতের কনস্টিটুয়েন্ট এসেম্বলী দ্বারা গৃহীত ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত এক সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। যেখানে নাগরিকদের ন্যায়, স্বাধীনতা, সমান অধিকার ও সৌভ্রাতৃত্বের পরিবেশ দেওয়ার অঙ্গীকার রয়েছে। পরবর্তীকালে সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে আমাদের দেশ এক ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যপাল আমাদের দেশের জল, স্থল ও বায়ু সীমায় প্রহরারত সেনা বাহিনী, রাজ্য ও আধা সামরিক বাহিনী এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ভারতবর্ষের উন্নয়ন দেশের সমস্ত অংশের উন্নয়নের উপর নির্ভর করছে। তাই দেশের বাকি অংশের সাথে সাথে ভারত সরকার ত্রিপুরা তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই উপলক্ষে রাজ্যপাল সমাজের সমস্ত অংশের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখতে এবং এক উজ্জ্বল ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *