বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে বৌদ্ধ ধর্ম কাজ করে থাকে। গতকাল ঐতিহ্যবাহী বনকুল মহামুনি বৌদ্ধ মেলার উদ্বোধন করে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। ৫দিনব্যাপী এই মেলায় টিআরএলএম, স্বাস্থ্য দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, রূপাইছড়ি ব্লক ও সারুম মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার প্রদর্শনী স্টল খোলা হয়। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই মেলা চলবে।
উদ্বোধকের ভাষণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, উন্নত ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সরকারের গঠনমূলক কাজে সমাজের সকল অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠান উপলক্ষে এদিন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৩৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ৫দিনব্যাপী এই মেলার প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ, এমডিসি কংজঅং মগ, রূপাইছড়ি ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, ডিসিএম অমিত প্রভাকর পাল, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি ভেন-খেমাছড়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপাইছড়ি বিএসির চেয়ারম্যান রাখী ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীতে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেলা পরিসর ঘুরে দেখেন এবং মেলার সামগ্রিক সাফল্য কামনা করেন।
