রাজ্যে খেলাধুলার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরা যাতে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি অত্যাধুনিক প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে স্কুল ক্রীড়ার রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৪ বালকদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই কাজে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তাদের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। তিনি বলেন, পদ্মশ্রী দীপা কর্মকার, সোমদেব দেববর্মণ, অর্শিয়া দাস জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়ামন্ত্রী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামের পাশে ওপেন জিমের ফলক
উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিতীশ দে প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক অর্জুন দেবনাথ। সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এই প্রতিযোগিতায় ৮টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের ১টি দল মিলিয়ে ৯টি দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা চলবে ১৭ মে পর্যন্ত।
