দিনদুপুরে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত শহরের বুকে। ঘটনা ধর্মনগর থানাধীন রাজবাড়ী রানী রাসমণি রোড সংলগ্ন সৎসঙ্গ বিহার আশ্রমের পেছনে । জানা যায় বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় চোরের দল। তবে বাড়ির কর্তা শঙ্কর চন্দ্র সরকারের সাহসিকতার দরুন শেষ রক্ষা হলো না চোরদের,দুই চোরের মধ্যে এক চোরকে পাকড়াও করলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয় । পরবর্তীতে বাড়ির মালিকের চিৎকার-চেচামচি শুনে আশপাশের লোকজন বেরিয়ে আসে। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়,ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে এবং চোরকে নিয়ে যায় থানায়। জানা যায় দুই চোরের বাড়ি অসম রাজ্যের বদরপুরে । আটক চোরের নাম খোকন মিয়া বয়স (৫৪) পিতা মান্নান মিয়া। স্থানীয় সূত্রে জানা যায় বাড়ি বাড়ি গিয়ে ডিম এবং লঙ্কা বিক্রির নাম করে তারা কিভাবে চুরি কান্ড সংঘটিত করা যায় তার ফন্দি এঁটে পরবর্তী সময়ে সুযোগ বুঝে হানা দেয় ওই বাড়িগুলোতে। এদিকে ধর্মনগরের বিভিন্ন অঞ্চলে বিগত কয়েকদিন যাবত চুরির ঘটনা সংঘটিত হলেও চোরদের পাকড়াও করতে ব্যর্থ পুলিশ,এনিয়ে পুলিশি ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে।
