🧧🚨স্ট্যাটেজিক প্রেকিউরমেন্ট প্ল্যানিং আগরতলায় কর্মশালা

রাজ্যের ৬টি জেলার ১৩টি শিল্প নগরীতে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে গতকাল স্ট্যাটেজিক প্রোকিউরমেন্ট প্ল্যানিং সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে কর্মশালাটির আয়োজন করে ত্রিপুরা সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সেই উদ্দেশ্যে ত্রিপুরা সরকার এডিবি থেকে ১৮ কোটি টাকার একটি প্রজেক্ট রেডিনেস ফাইন্যান্সিং (পিআরএফ) ঋণ নিয়েছে এবং সারা ত্রিপুরায় শিল্পের পরিকাঠামো উন্নয়নে আরও ১২০০ কোটি টাকার ঋণ পাওয়া যাবে। জিএসডিপিতে কারখানা ভিত্তিক শিল্প ক্ষেত্রের আরও বেশি যোগদান নিশ্চিত করা, কর্মসংস্থান ও বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা ইত্যাদির লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কারখানা ভিত্তিক উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ বাড়লে জিএসডিপি-ও বৃদ্ধি পাবে, জনপ্রতি আয় বাড়বে যাতে ত্রিপুরার জনগণ উপকৃত হবেন। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম মট ম্যাক ডোনাল্ড প্রাইভেট লিমিটেডকে একটি ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করেছে টিআইডিসিএল-কে শিল্প সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে সাহায্য করার জন্য। তারই অঙ্গ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব কে শেঠির সভাপতিত্বে এই কর্মশালায় প্রকল্পের কাজের পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন অংশীদারদের পরামর্শ নেওয়া হয়। কর্মশালার প্রথম অধিবেশনে প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে শিল্পের পরিকাঠামো উন্নয়নে মালপত্র সংগ্রহের পরিকল্পনা ও প্যাকেজিং নিয়ে আলোচনা করা হয়। পরিকল্পনা দপ্তর, অর্থ, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, বিদ্যুৎ, বিএসএনএল, টিএনজিসিএল-এর প্রতিনিধি সহ ১০০ জনের বেশি লোক এই কর্মশালায় অংশ নেন। স্থায়ী আর্থিক উন্নয়ন ও রাজ্যের সমৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালা বিভিন্ন অংশীদারদের মধ্যে মত ও জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগের সুযোগ সৃষ্টি করে দেয়। কর্মশালায় আলোচনার উপর নির্ভর করে এখন প্রকিউরমেন্ট প্ল্যান চূড়াক্ত করা হচ্ছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *