🧧🚨পিএম ডিভাইন প্রকল্পে ত্রিপুরায় মাইক্রো গ্রিড পাওয়ার স্টেশন আলোকিত হয়ে উঠবে জনজাতি অধ্যুষিত প্রান্তিক জনপদ ।। কাজল ভৌমিক ।

পিএম ডিভাইন প্রকল্পে ত্রিপুরায় মাইক্রো গ্রিড পাওয়ার স্টেশন স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। এই মাইক্রো গ্রিড পাওয়ার স্টেশনের মাধ্যমে ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠবে। রাজ্যের ২৭৪টি জনজাতি অধ্যুষিত প্রান্তিক জনপদে পৌঁছে যাবে বিদ্যুৎ পরিষেবা। এবছরের কেন্দ্রীয় বাজেট অধিবেশনে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্পের ঘোষণা করা হয়। রাজ্যের ২৭৪টি প্রত্যন্ত জনপদ আলোকিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পটি রূপায়িত হলে রাজ্যের প্রত্যন্ত জনপদের চেহারাই পাল্টে যাবে। শহরের মতো আলোকিত হয়ে উঠবে এক একটি জনপদ।
পিএম ডিভাইন-প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজিওন আগামীদিনে উত্তর পূর্বাঞ্চলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে। উন্নয়নের নিরিখে গত নয় বছরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। বঞ্চনা, পিছিয়েপড়া এই শব্দগুলি এক সময় যে রাজ্যগুলির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল সেই অঞ্চল আজ সমস্ত প্রতিবন্ধকতা দূর করে সামনের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের রাজ্যগুলি নতুন দিশায় পথ চলতে শুরু করেছে। ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরাতেও এই সময়ে উন্নয়নের সংজ্ঞা নতুন মাত্রা পেয়েছে। এক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক। চলতি বছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের জন্য যে বাজেট পেশ করেছেন তাতে ডোনার মন্ত্রকের জন্য বিশাল বরাদ্দ রাখা হয়েছে। বলা বাহুল্য এর সুফল এই অঞ্চলের সবকয়টি রাজ্যই পাবে।
রাজ্যের সর্বত্র বিদ্যুতের আলো যাতে পৌঁছে যায় সেই জন্য রাজ্য সরকার বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ডোনার মন্ত্রকও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সৌর বিদ্যুৎকে এক্ষেত্রে দারুণভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। ঘর, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রাজ্যগুলির উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে তেমনি গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রেও কেন্দ্ৰীয় সরকারের একটি প্রকল্প সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
২-এর পাতায়
সৌরবিদ্যুতের আলো যাতে প্রত্যন্ত এলাকাগুলি আলোকিত করতে পারে, উন্নয়নের এক নতুন ধারা ওই এলাকাগুলিতে গিয়ে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনেশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজিওন (পিএম ডিভাইন) প্রকল্পে এক কর্মযজ্ঞ হাতে নেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার জন্য মাইক্রো গ্রিড স্থাপন সহ সোলার ফটোভোল্টিক পাওয়ার প্ল্যান্টের ডিজাইন নির্মাণ, স্থাপন, সরবরাহ এবং তা চালু করা মূলত এই প্রকল্পের কাজ। এরজন্য ৮১ কোটি ২ লক্ষ ৫ হাজার ৭৮৬ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পটি যেদিন থেকে শুরু হবে তার চব্বিশ মাসের মধ্যে এর রূপায়ণের কাজ শেষ করতে হবে। এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ সংস্থা ত্রিপুরা রিনিউবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (ট্রেডা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *