উদয়পুর মহকুমায় বেশি বৃষ্টিপাত হলে কোথায় বেশি জল জমে তা খতিয়ে দেখে জল নিকাশী ব্যবস্থা আরও উন্নত করতে হবে। এজন্য পুর পরিষদ কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে। গত শুক্রবার গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত উদয়পুর পুর পরিষদ এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় একথা বলেন। সভায় অর্থমন্ত্রী বলেন, বেশি বৃষ্টিপাত হলে জল যাতে এক জায়গায় বেশি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাউজিং বোর্ড থেকে মরাগাঙ্গ পর্যন্ত এলাকার ড্রেনগুলিকে এমন ভাবে সাফাই করতে হবে যাতে জল সেখান থেকে সহজেই অন্যত্র চলে যেতে পারে। এই কাজগুলি দ্রুত সম্পন্ন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনা সভায় অর্থমন্ত্রী শ্রী সিংহ রায় টেপানীয়া পার্ক থেকে মাতাবাড়ী পর্যন্ত রাস্তার দু ধারে বৃক্ষরোপন করার জন্য বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। তিনি পুর পরিষদ এলাকার উন্নয়নে যে সমস্ত কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সভায় গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, পুর পরিষদের সদস্যা সদস্যগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
