🧧🚨ল্যাম্পস ও প্যাক্সের উন্নয়নের জন্য বাস্তবমুখী চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে : সমবায়মন্ত্রী

ল্যাম্পস ও প্যাক্সগুলি হলো রাজ্যের সমবায় আন্দোলনের উন্নয়নের মূল চাবিকাঠি। ল্যাম্পস ও প্যাক্সের উন্নয়নের মাধ্যমেই নির্ভর করে সমবায় ও গ্রামীণ এলাকার জনসাধারণের আর্থসামাজিক জীবনযাত্রার মানোন্নয়ন। তাই ল্যাম্পস ও প্যাক্সের উন্নয়নের জন্য পুরোনো চিন্তাভাবনা, মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এরজন্য চাই বর্তমান পরিস্থিতিতে বাস্তবমুখী চিন্তাধারা। কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের কনফারেন্স হলে আজ সমবায় দপ্তরের উনকোটি ও উত্তর জেলার পর্যালোচনা সভায় একথা বলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। পর্যালোচনা সভায় সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুরুাচরণ নোয়াতিয়া বলেন, এই সভার পরেই রাজ্যের সবগুলি জেলার পর্যালোচনা সভা শেষ হবে। সভা থেকে আমরা সমবায় দপ্তরের ল্যাম্পস, প্যাক্স ও প্রাইমারি মার্কেটিংগুলির সমস্যা ও সম্ভাবনার দিকগুলি সম্পর্কে অবহিত হচ্ছি। পরবর্তী পর্যায়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা করে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী এবং গ্রামীণ জনসাধারণকে সহায়তা দেওয়ার জন্য। তিনি বলেন, ল্যাম্পস ও প্যাক্সকে শুধু ব্যাঙ্ক থেকে ঋণ নিলেই চলবে না। সময়মতো ব্যাঙ্কের ঋণ যেমন পরিশোধ করতে হবে তেমনি উৎপাদনের কাজেও ল্যাম্পস ও প্যাক্সকে এগিয়ে আসতে হবে। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন, রাজ্যে অনেক ল্যাম্পস ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উৎপাদিত সামগ্রীর কাঁচামাল সরবরাহ করে তাদের আয় বৃদ্ধি করছে। একাজে তিনি সমবায় সংস্থাগুলিকে আরও বেশি করে এগিয়ে আসতে আহ্বান জানান।
পর্যালোচনা সভায় কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান শিবেন্দ্র ঘোষ বলেন, ল্যাম্পস ও প্যাক্সকে আর্থিকভাবে মজবুত করতে সবাইকে হাতে হাত মেলাতে হবে। পর্যালোচনা সভায় দুই জেলার ল্যাম্পস ও প্যাক্সের কর্মকর্তারাও তাদের মতামত রাখেন। সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সমবায় দপ্তরের নিয়ামক সাইফু মগ। পর্যালোচনা সভার শুরুতে সম্প্রতি বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *