খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি জেলা প্রশাসনের কনফারেন্স হলে জেলা টাস্ক ফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, খোয়াই মহকুমা প্রশাসনের ডি সি হেমন্ত ধর, খোয়াই ব্লকের বিডিও অভিজিৎ দাস, জেলা মুখ্য স্বাস্থা আধিকারিক ডা. নির্মল সরকার, ডিপিএম প্রনয় কুমার দেববর্মণ, জেলা হাসপাতাল সুপার ডা. রাকেশ দেববর্মা, জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা অধিকারিক সুজিৎ দাস প্রমুখ। সভায় জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার আলোচনা অংশ নিয়ে গর্ভবর্তী মহিলা ও শিশুদের সঠিক সময়ে টিকা নেবার উপর গুরুত্বারোপ করেন। জেলা ইম্যুনাইজেশন অফিসার ডা. বিক্রম দেববর্মা জানান, গত অর্থবছরে জেলায় ৯১ শতাংশ গর্ভবতী মহিলাকে টিকাকরণ করা হয়েছে। জেলায় শিশুদের জন্মকালীন হেপাটাইটিস বি, ওপিবি টিকাকরণ করা হয়েছে ৯৯ শতাংশ। এছাড়া ও পি ভি-১ টিকাকরণ ৯৯ শতাংশ শিশুকে, ওপিভি ৯৯ শতাংশ শিশুকে, রুটা- ১ টিকাকরণ ৯৯ শতাংশ শিশুকে, রুটা-৩ টিকাকরণ ৯৬ শতাংশ শিশুকে, এম আর টিকাকরণ ১০৪ শতাংশ শিশুকে, এম আর ২ টিকাকরণ করা হয়েছে, ১০২ শতাংশ শিশুকে। এছাড়া জেলায় গত অর্থবছরে শূন্য থেকে ১ বছরের ১০৪ শতাংশ শিশুকে সম্পূর্ণ ভাবে টিকাকরণ করা হয়েছে। সভায় বিভিন্ন হাসপাতালের মেডিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।
