রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং মহকুমা হাসপাতালগুলিকে ক্রমান্বয়ে উন্নত করা হবে। জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, যাতে রাজ্যের প্রধান হাসপাতালগুলির উপর চাপ না পড়ে। আজ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির উপর জোর দিচ্ছেন। রাজ্য সরকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, আগে কথায় কথায় চিকিৎসার জন্য বাইরে যেতে হত। বর্তমানে রোগীদের যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৯টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু হয়েছে। রাজ্যেই এখন জটিল নিউরো, কার্ডিয়াক রোগের চিকিৎসা হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে মন্দিরের মতো ভাবতে হবে। নিজের মতো করে ভাবলেই পরিষেবা প্রদান সহজতর হয়। তিনি বলেন, আমাদের রাজ্যের ডাক্তারবাবুদের উপরও জনগণকে আস্থা রাখতে হবে এবং চিকিৎসকদেরও ঝুকি নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রয়োজন এবং সময়ের কাজ সময়ে শেষ করা দরকার। মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের এই বৃহত্তম প্রকল্পে দেশের অনেক মানুষ উপকৃত হচ্ছেন। এই রাজ্যেও ১৩ লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। ২ লক্ষ সুবিধাভোগী ৩০০ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছেন। নতুন এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির ভালোভাবে রক্ষনাবেক্ষণের জন্য তিনি স্বাস্থ্যকর্মীসহ এলাকার সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আজ দুপুরে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু, ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক ও হিমানী দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিস দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব দেবাশিষ বসু, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক এবং রোগ প্রতিরোধক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক। এলাকার ব্যাপক অংশের মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
