মহিলা স্বশক্তিকরণের লক্ষ্যে গতকাল সারুমের মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, দেশের সার্বিক বিকাশে মেয়েদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। সুন্দর, সুস্থ সমাজ গঠনে মেয়েদের অনবদ্য ভূমিকা রয়েছে। আজ কোনও অংশেই পিছিয়ে নেই মেয়েরা। তাই কেন্দ্র ও রাজ্য সরকার আন্তরিকভাবে মেয়েদের সর্বাঙ্গীন বিকাশে ব্যাপকভাবে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, রাজ্যের প্রায় ২ লক্ষাধিক মহিলা স্বসহায়ক দলের সদস্যা হয়ে রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, প্রাক্তন বিধায়ক শংকর রায়, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অনুপম গুহ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিমালা বৈদ্য দত্ত। কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ড. সুচরিতা চৌধুরী, ড. অভিজিৎ সরকার প্রমুখ। উল্লেখ্য, মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় এই কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা মৈত্রী সেতু এলাকা পরিদর্শন করেন।
