রাজ্যের-বহিঃরাজ্যের পর্যটক সহ সর্বসাধারণের সপ্তাহান্তে সপরিবারে অবকাশকালীন সময় উপভোগের জন্য ও তাঁদের বিনোদনের জন্য রাজধানী আগরতলার রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদ এর সম্মুখভাগের স্থানটিতে সপ্তাহান্তিক পর্যটক কেন্দ্র (উইকেন্ড ট্যুরিস্ট হাব) স্থাপনের জন্য পর্যটন দপ্তরের তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এই উইকেন্ড ট্যুরিস্ট হাব এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। এই সংক্রান্ত সকল ধরণের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই উইকেন্ড ট্যুরিস্ট হাবের সাথে সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আধিকারিকদের সাথে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পাদনের জন্য ও সাফল্যমন্ডিত করার জন্য গৃহীত সকল ধরণের পরিকল্পনা সম্বন্ধে অবগত হন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেন তিনি। আজকের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা,আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার ড. শৈলেশ কুমার যাদব, ত্রিপুরা পুলিশের ডিআইজি মনচাক ইপ্পার, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত, সদর মহকুমা শাসক অরূপ দেব, পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানিক দাস, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) হরেকৃষ্ণ দাস, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যুগ্ম-অধিকর্তা জয়ন্ত দেববর্মা, নির্বাহী বাস্তুকার উত্তম পাল সহ অন্যান্য আধিকারিকেরা।
