রাজ্য সরকার রাজ্যে খেলাধুলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সরকার
আশা করে খেলোয়াড়রা খেলাধুলায় সুনাম অর্জন করে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৪তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করে একথা বলেন। অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পড়াশোনায় কৃতিত্বের জন্য ৪৫ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, ক্রীড়া প্রতিভার বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে সরকার রাজ্যের অনেকগুলি মাঠের পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নিয়েছে। ঊনকোটি ও উদয়পুরে নতুন ২টি যুব আবাস গড়ে তোলা হবে। ক্রীড়ামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা খেলাধুলার উন্নয়নে আন্তরিক। তিনি বলেন, খেলাধুলা শরীর ও মনকে শুধু সতেজ রাখেনা, খেলাধুলায় মন উদার হয়, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটে। তিনি বলেন, ত্রিপুরা স্পোর্টস স্কুল গত তিনবছর ধরে পড়াশোনা ও খেলাধুলায় ভাল ফলাফল করছে। আগামী বছর আরও ভাল ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির ভাষণে বিধায়ক মীনা রাণী সরকার বলেন, নিষ্ঠা, লক্ষ্য ও ইচ্ছা থাকলে সফল ক্রীড়াবিদ হওয়া যায়। এছাড়া বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। স্বাগত ভাষণে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সহ অধিকর্তা শান্তনু সূত্রধর এই বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর অপু আঢ্য দত্ত, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইম মগ, উপঅধিকর্তা প্রবাল কান্তি দেব সহ বহু খেলোয়াড় ও শিক্ষক শিক্ষিকাগণ। অনুষ্ঠান শেষে ক্রীড়ামন্ত্রী সহ অতিথিগণ লেখাপড়া ও খেলাধুলায় বিশেষ সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শুরুর আগে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী রায় সহ অন্যান্য অতিথিগণ স্টেডিয়ামের পাশে হরিতকী গাছের চারা সহ অন্যান্য গাছের চারা রোপন করেন। সভাপতিত্ব করেন এই বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান তথা আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
