🚨🧧জনজাতি ছাত্রছাত্রীদের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিকাশে কর্মশালার উদ্বোধন

রাজ্য অতিথিশালায় আজ থেকে জনজাতি ছাত্রছাত্রীদের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে ৪ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। কর্মশালায় ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, অরুনাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, হোস্টেল ওয়ার্ডেনগণ ও প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। ভারত সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবেল স্টুডেন্টস (এনইএসটিএস) ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, কর্মশালায় জনজাতি এলাকার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে একলব্য মডেল বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং হোস্টেল ওয়ার্ডেনগণদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন, কর্মশালাতে ৬টি রাজ্যের ৫৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তাছাড়াও কর্মশালায় সিনিয়র পাবলিক হেলথ স্পেশালিস্ট ডা. পুষ্কর কুমার বলেন, কর্মশালায় চারটি পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, ইতিমধ্যেই উড়িষ্যার ভুবনেশ্বর ও রাজস্থানের উদয়পুরে এ ধরণের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাগুলিতে ১১২ জন অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং হোস্টেল ওয়ার্ডেনগণ প্রশিক্ষণ নিয়েছেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবেল স্টুডেন্টসের ডেপুটি কমিশনার ইন্দিরা মুদগল, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি দারলং, অধিকর্তা এস প্রভু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবেল স্টুডেন্টসের ত্রিপুরা শাখার নোডাল অফিসার চন্দ্রজয় রিয়াং। ধন্যবাদ জ্ঞাপন করেন খুমুলুঙ একলবা মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ ভবতোষ নাথ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *