শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গতকাল থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্র মেলা। হস্ততাঁত ও হস্তকার শিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুরুাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াৎ, বিধায়ক মাইলায় মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ।
মেলার উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের হস্ততাত শিল্পীদের স্বনির্ভর করতেই হস্ততাঁত ও বস্ত্র মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলায় স্বসহায়ক দলগুলির উৎপাদিত পন্যও বিক্রয় হবে। এতে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে অস্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্রমেলায় ৬০টি মন্ডপ খোলা হয়েছে। তথা ও সংস্কৃতি দপ্তর থেকে প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর মেলার সমাপ্তি হবে।
