কুমারঘাট মহকুমা ভিত্তিক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আগামী ১২ জানুয়ারি ফটিকরায়ের আম্বেদকর মহাবিদ্যালয়ে উদযাপন করা হবে। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুব্রত শর্মার অফিস কক্ষে গতকাল আয়োজিত প্রস্তুতি সভা থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ঐদিন আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ প্রতিযোগিতা ও ওপেন ক্যুইজেরও আয়োজন করা হবে। মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, কৈলাসহর রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমত স্বামী গিরিজানন্দ মহারাজকে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আম্বেদকর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুব্রত শর্মাকে চেয়ারম্যান ও কুমারঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশীষ সেনগুপ্তকে আহ্বায়ক করে একটি পরিচালন ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
