পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আজ বেলাবর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান ৬.০ কর্মসূচির সূচনা করা হয়েছে। বিধায়ক মীনা রাণী সরকার ১৪দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির সূচনা করে শ্রীমতি সরকার বলেন, বিগত পাঁচ বছর পশ্চিম জেলায় সাফল্যের সাথে এই কর্মসূচি পালন করা হয়েছে। এজন্য তিনি এই কর্মসূচির সাথে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে এবছরের কর্মসূচিরও সফলতা কামনা করেন। সকলকে তিনি আন্তরিকতার সাথে এই অভিযান কর্মসূচি সম্পন্ন করার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের ষষ্ঠ পর্যায়ের এই অভিযান কর্মসূচির সাফল্য কামনা করে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য অতিথি পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল
আচার্য, বেলাবর গ্রাম পঞ্চায়েত প্রধান কিংকর মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য
আধিকারিক কার্যালয়ের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঈষিতা গুহ। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য
রাখেন কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ঈষিতা সিনহা। মুখ্যমন্ত্রী সুস্থ
শৈশব সুস্থ কৈশোর ৬.০ অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করে অনুষ্ঠানে আলোচনা করেন ডা. সুখেন্দু নাথ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবর বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল অনিতা মন্ডল, পশ্চিম জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণের উপস্থিতিতে দু’জন শিশুকে ভিটামিন-এ সিরাপ, দু’জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় এবং দু’জনকে টিটেনাস টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ থেকে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার সমস্ত সরকারি, বেসরকারি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মহাবিদ্যালয়ের শূন্য থেকে ১৯ বছর বয়সীদের নিয়েই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি চলবে।
