আগরতলা, বৃহস্পতিবার: আজ চৈত্র মাসের শুক্লপক্ষের মহা অষ্টমী তিথি উপলক্ষে আগরতলা শহরে ধর্মীয় আবহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। শ্রী শ্রী ত্রিনাথ আশ্রম পূজা কমিটির উদ্যোগে রামঠাকুর রোড সংলগ্ন পশ্চিম টাউন, প্রতাপগড় এলাকার হাওড়া নদীর গোদারা ঘাটে প্রতিবছরের মতো এ বছরও পুণ্যস্নানের আয়োজন করা হয়।ভোর থেকেই নদীর ঘাটে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা সহ বিভিন্ন বয়সের মানুষ গভীর ধর্মীয় বিশ্বাস ও উৎসাহ নিয়ে এই পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। শুধু আগরতলাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও পুণ্যার্থী এই স্নানোৎসবে যোগ দেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে পবিত্র নদীতে স্নান করলে পাপমোচন হয় এবং আত্মার শুদ্ধি ঘটে। সেই বিশ্বাস থেকেই ভক্তরা নদীতে স্নান করে ফুল, বেলপাতা, ফল, ধান ও দুর্বা দিয়ে পূজা অর্চনা করেন। পাশাপাশি অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন।পুণ্যার্থীদের মতে, এই দিনে স্নান ও দান করলে পাপ থেকে মুক্তি মেলে এবং স্বর্গপ্রাপ্তির পথ সুগম হয়। তাই প্রতিবছর এই অষ্টমী স্নানকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। পাশাপাশি এদিন এই অষ্টমীর স্নানকে ঘিরে সেই এলাকায় একটি মেলার আয়োজন করা হয়।
