আগরতলায় ঐতিহ্যবাহী বাসন্তী পূজায় মহাষ্টমী উদযাপন, ভক্তদের উপচে পড়া ভিড়

 

আগরতলা, বৃহস্পতিবার: চৈত্র মাসের বাসন্তী পূজা উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে আজ মহাষ্টমী তিথি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। মানিক্য রাজবংশের আমল থেকে চলে আসা প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো প্রথা মেনে এই পূজা প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হচ্ছে।

পৌরাণিক মতে, শরৎকালের দুর্গাপূজাকে ‘অকালবোধন’ বলা হলেও বসন্তকালের এই বাসন্তী পূজাকেই দেবী দুর্গার আদি পূজা হিসেবে গণ্য করা হয়। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ রয়েছে যে রাজা সুরথই প্রথম এই বাসন্তী পূজার প্রচলন করেছিলেন।

গতকাল থেকেই শুরু হয়েছে এই পূজা। আজ মহাষ্টমী তিথিতে দুর্গা বাড়িতে বিশেষ পূজা, অঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন পুরোহিতরা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে বহু ভক্ত অঞ্জলিতে অংশগ্রহণ করে দেবীর আরাধনা করেন।

চৈত্র মাসের এই বিশেষ পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে গভীর উৎসাহ ও ভক্তিভাব পরিলক্ষিত হয়। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে প্রতিবছরই এই বাসন্তী পূজা আগরতলার অন্যতম আকর্ষণে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *