আগরতলা, বুধবার : চৈত্র মাসে কাঠফাটা রোদ তেমন অনুভূত না হলেও বৈশাখের শুরুতেই গরম তার দাপট দেখাতে শুরু করেছে। গত দু’দিন ধরে শহরে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বুধবার তাপমাত্রা পৌঁছায় প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, যদিও অনুভূত তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। ফলে গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।এই পরিস্থিতিতে গরম থেকে সাময়িক স্বস্তি পেতে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ডাব বিক্রেতাদের দোকানে বাড়ছে ভিড়। বিক্রেতাদের মতে, বর্তমানে প্রতি ডাব ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং চাহিদাও বেশ ভালো। অন্যদিকে, গরম থেকে রেহাই পেতে অনেকেই পুকুরে নেমে স্নান করে স্বস্তি খুঁজছেন। বৈশাখের শুরুতেই যখন এমন পরিস্থিতি, তখন সামনের দিনগুলোতে গরম আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।
