রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে বিনামূল্যে জন্মগত হৃদরোগের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি সামাজিক স্বাস্থকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের দৌলতে জন্মগত হৃদরোগে আক্রান্ত সুমারি ত্রিপুরা (৮ বছর) শিশু নতুন জীবন ফিরে পেল। ১ সেপ্টেম্বর জোলাইবাড়ি সামাজিক স্বাস্থকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের টিমের চিকিৎসক ডাঃ গৌরব সরকার ও এএনএম শতরূপা ভৌমিক সাতভাইয়া বাড়ি এস বি স্কুলে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে স্ক্রিনিংয়ে এই জন্মগত রোগটি আঁচ করতে পারেন। তখন এই শিশুটির জন্মগত ত্রুটির উন্নত চিকিৎসার জন্য গত ২০ সেপ্টেম্বর আগরতলায় আইজিএম হাসপাতালে বিনামূল্যে ইকো পরীক্ষা করানো হয়। এতে তার জন্মগত রোগটি সনাক্তকরণ হয়। এরপর রাষ্ট্রীয় বাল স্বাস্থা কার্যক্রমের রাজ্য কর্তৃপক্ষ এবং জোলাইবাড়ি সামাজিক স্বাস্থকেন্দ্রের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের যৌথ উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর শিশুটিকে আগরতলায় আইএলএস হাসপাতাল ভর্তি করা হয় এবং ঐ দিনই সম্পূর্ণ বিনামূল্যে শিশুটির সফল হার্ট সার্জারি করা হয়। ফলে আজ সুমারি সুস্থ ও স্বাভাবিক। তার বাবা-মা শিশুটির নতুন জীবন ফিরে পাওয়ায় খুব খুশি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
